শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Advertisement Placeholder

বেতন ভাতা পরিশোধে ঋণ পাচ্ছে পোশাক খাত

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেতন ভাতা পরিশোধে ঋণ পাচ্ছে পোশাক খাত

ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য মেয়াদি ঋণ সুবিধা নিতে পারবে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য সর্বশেষ তিন মাসের গড়ের সমপরিমাণ ঋণ দেওয়া যাবে। এদিকে রপ্তানির বিপরীতে নগদ সহায়তার আড়াই হাজার কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। এ ছাড়া আগামী ১৪ মার্চের মধ্যে সব পোশাক কারখানার শ্রমিকের ঈদ বোনাস পরিশোধ করার নির্দেশ দিয়েছে সরকার।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপটে ব্যবসায়িক পরিবেশে বিঘ্ন, জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য ব্যয়ের চাপের কারণে অনেক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে ও শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধে সমস্যায় পড়ছে। এ পরিস্থিতিতে উৎপাদন সক্ষমতা ও রপ্তানিপ্রবাহ সচল রাখতে আর্থিক সহায়তা প্রয়োজন। এ খাতে সহায়তার জন্য বাজারভিত্তিক সুদে এ ঋণ পাবে ব্যাংকগুলো।

গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে এ সম্পর্কিত নির্দেশনা দেওয়া হয়। সম্প্রতি বিজিএমইএ দুই মাসের বেতনের সমপরিমাণ ঋণ সুবিধা চেয়ে আবেদন করে। এছাড়া নগদ সহায়তা দ্রুত ছাড় করার অনুরোধ জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধের জন্য চলতি মূলধন ঋণসীমার বাইরে গ্রাহকের সক্ষমতা বিবেচনায় মেয়াদি ঋণ সুবিধা দেওয়া যাবে। ঋণের পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিগত তিন মাসে দেওয়া গড় বেতন-ভাতার বেশি হবে না। যেসব প্রতিষ্ঠান মোট উৎপাদনের কমপক্ষে ৮০ শতাংশ রপ্তানি করে, সেগুলোকে রপ্তানিমুখী শিল্প হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি ২০২৫ সালের নভেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত নিয়মিত বেতন পরিশোধ করেছে–এমন প্রতিষ্ঠানকে সচল ধরা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনের প্রত্যয়ন থাকতে হবে। ঋণের বিপরীতে বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে। ঋণ সর্বোচ্চ এক বছর মেয়াদের হবে। এর মধ্যে তিন মাসের গ্রেস পিরিয়ডসহ মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে পরিশোধযোগ্য হবে।

নগদ সহায়তার অর্থ ছাড়: তৈরি পোশাক রপ্তানির বিপরীতে সরকারে দেওয়া নগদ সহায়তার বকেয়া আড়াই হাজার কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয় জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১ হাজার ৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১ হাজার কোটি টাকা ছাড়সহ মোট আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পোশাক শিল্পের সংকটকালীন মুহূর্তে এই জরুরি ও সময়োপযোগী পদক্ষেপের জন্য সরকারের শীর্ষ পর্যায়সহ অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে: পোশাক খাতের শ্রমিকদের ঈদের বোনাস আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। বকেয়া মজুরি পরিশোধ করতে হবে আগামী ৭ কর্মদিবসের মধ্যে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি শ্রম আইন অনুসারে মালিক ও শ্রমিক পক্ষের আলোচনার ভিত্তিতে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করা হবে।
গতকাল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) ও আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম

যোগাযোগ

২১৯, ফকিরেরপুল (২য় তলা), মতিঝিল, ঢাকা-১০০০

মোবাইল : ০১৭১৬০৯১৭৭৩

ই-মেইল: orthonitybangladesh@gmail.com