
তথ্যপ্রযুক্তি ডেস্ক | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে

বিশ্বের কয়েক কোটি টেলিগ্রাম ও সিগন্যাল অ্যাপের গ্রাহক শঙ্কায় পড়েছেন। আরেক জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়েও বহু জালিয়াতির খবর সামনে আসছে। সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি বলছে, জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও সিগন্যাল নাম ব্যবহার করে বেশ কিছু ভুয়া অ্যাপ্লিকেশন কয়েক কোটি স্মার্টফোন গ্রাহকের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে। স্পাইওয়্যার ছড়াচ্ছে বিপজ্জনক বার্তা। ফলে অনেকটা না বুঝেই সাইবার প্রতারণার ফাঁদে পড়ছেন অ্যাপ গ্রাহকরা।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি সব অ্যাপ মাধ্যমে নিয়ন্ত্রিত সার্ভারে গ্রাহকের ব্যক্তি-তথ্য, যেমন আইডি, কনট্যাক্ট, ফোন নম্বর থেকে শুরু করে ব্যক্তিগত চ্যাট– সবই বেহাত করার প্রচেষ্টা চলছে। তৈরি হচ্ছে প্রতারণার ফাঁদ। অনিরাপদ হয়ে পড়ছে অ্যাপ। ফলে শঙ্কায় রয়েছেন অনেক অ্যাপ গ্রাহক।
নিরাপত্তায় কী করবেন
কিছুদিন আগেও সিগন্যাল ও টেলিগ্রাম অ্যাপের ভুয়া সংস্করণের বিষয়ে স্মার্টফোন গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছিল। চলতি বছরের শুরু থেকেই ঘটনার গভীরতা জানামাত্রই গুগল আলোচিত দুটি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে; দিয়েছে আপডেট। অ্যাপ দুটি রিমুভ করার আগেই লাখো গ্রাহক নিবন্ধন করে তা ডাউনলোড করেছেন। তাই সতর্ক থাকুন, ঝুঁকিপূর্ণ কোনো অ্যাপ ডাউনলোড করেছেন কিনা তা যথাযথ যাচাই করে নেবেন।
ডিভাইসে যদি অচেনা অ্যাপ শনাক্ত হয়, তাহলে দ্রুতই তা আন-ইনস্টল করে নিতে হবে। অবশ্যই প্লে স্টোর থেকে সন্দেহজনক কোনো অ্যাপ ডাউনলোড করছেন কিনা, তা খেয়াল রাখতে হবে। যদি এমন কিছুর অস্তিত্ব দৃশ্যমান হয়, তাহলে সরাসরি রিপোর্ট করতে হবে।
বাড়তি সতর্কতা
বহুল আলোচিত টেলিগ্রাম অ্যাপকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে বলে সাইবার বিশেষজ্ঞরা জানান। গবেষকরা ভুয়া বা স্পাইওয়্যার অ্যাপের নাম দিয়েছেন এভিল টেলিগ্রাম। বিপজ্জনক অ্যাপ হওয়ার পরও তা কীভাবে গুগল প্লে স্টোরে তালিকায় জুড়েছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিপূর্ণ সব অ্যাপ উইঘুর বা বিশেষ শ্রেণির আদলে গুগল প্লে স্টোরের অংশ হয়েছিল, যা চীনের সঙ্গে সংযুক্ত। আদতে এসব অ্যাপ এতই মুগ্ধতা ছড়ায় যে তাদের অবিশ্বাস করার সুযোগ থাকে না। প্রকৃত সব অ্যাপ্লিকেশনের তুলনায় আরও বেশি ফিচার দেওয়ার প্রত্যাশা থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতা ভুলে নিত্যনতুন অ্যাপের ওপর নির্ভরশীল না হওয়ার পরামর্শ যারা অমান্য করেছেন, তারাই আসলে ভুক্তভোগী হয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই না বুঝে হুটহাট ডাউনলোড না করাই শ্রেয়।
