
খেলাধুলা ডেস্ক | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মাঠে নামছে ইউরোপের চার পরাশক্তি। হাইভোল্টেজ ম্যাচে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে আর্সেনাল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
প্রথম লেগে নিজেদের মাঠে হেরে যাওয়ায় রিয়াল মাদ্রিদের জন্য আজকের ম্যাচটি বাঁচামরার লড়াই। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলের জয়ে কিছুটা নির্ভার স্বাগতিক বায়ার্ন। তবে চ্যাম্পিয়ন্স লিগে খাদের কিনারা থেকে ফিরে আসার দারুণ সব রেকর্ড রয়েছে ক্লাব রিয়ালের। তাই বাভারিয়ানদের জন্য কাজটা খুব সহজ হবে না।
এই ম্যাচে ইনজুরির কারণে রাউল অ্যাসেন্সিও ও চুয়ামেনিকে পাচ্ছে না রিয়াল। তাই দলের মূল ভরসা হিসেবে এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রদের দিকেই তাকিয়ে থাকবেন কোচ আলভারো আরবেলোয়া। রিয়াল কোচ বলেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ, আমরা জয়ের বিশ্বাস নিয়েই অ্যালিয়াঞ্জ অ্যারেনায় নামব। প্রথম লেগে দল শতভাগ ফিট ছিল না, তবে এখন আমরা প্রস্তুত। রিয়াল ঘুরে দাঁড়াবে।’
২০২০ সালের পর আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হয়নি বায়ার্নের। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সবশেষ ২০২৩-২৪ মৌসুমে রিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। সেমিফাইনালে যাওয়ার এবারের মিশনে ইনজুরির কারণে লেনার্ট কার্ল ও স্ভেন উলরাইখকে পাচ্ছে না দলটি। তবে একাদশে ফিরতে পারেন বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি প্রতিপক্ষকে সমীহ করেই বলেন, ‘রিয়ালের প্রতি আমার সবসময় বাড়তি সম্মান আছে। এটি ইউরোপের অন্যতম সেরা ক্লাব। তবে মাঠে আমি আমার দলের সাফল্যের জন্যই নামব।’
ইউরোপিয়ান মঞ্চে এখন পর্যন্ত দুই দলের ২৯ বারের দেখায় বায়ার্ন জিতেছে ১৩টি, আর রিয়ালের জয় ১২টিতে। বাকি ৪ ম্যাচ ড্র হয়েছে। এই মহারণে জয়ী দল সেমিফাইনালে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে।
রাতের আরেক ম্যাচে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্পোর্টিং লিসবনকে মোকাবেলা করবে আর্সেনাল। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের জয়ে এই মিশনে অনেকটাই এগিয়ে আছে ইংলিশ লিগ লিডাররা। এবার এমিরেটস স্টেডিয়ামে সেই ব্যবধান বাড়িয়ে নেওয়ার লক্ষ্য মিকেল আর্তেতার দলের।
চলতি আসরে দারুণ ছন্দে আছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত খেলা ১১ ম্যাচের সবকটিতেই অপরাজিত তারা। পরিসংখ্যানও গানারদের পক্ষেই কথা বলছে। স্পোর্টিং লিসবনের বিপক্ষে খেলা ৭ ম্যাচের ৩টিতেই জিতেছে আর্সেনাল, লিসবনের জয় মাত্র ১টিতে। বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছে।
