
খেলাধুলা ডেস্ক | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে

র্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে ৯৫ ধাপ এগিয়ে চীন। কাগজে-কলমে এই চীন ধরাছোঁয়ার বাইরে বাংলাদেশের। র্যাংঙ্কিংকে স্রেফ একটা সংখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখতে চান বাংলাদেশ কোচ পিটার বাটলার। গত বছরের জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়েই মূল পর্বের টিকিট কেটেছিলেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা।
মঙ্গলবার চীনের বিপক্ষে এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের আগে গতকাল এই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন কোচ পিটার বাটলার। শক্তিশালী চীনের বিপক্ষে দলের অলৌকিকতা দেখার অপেক্ষায় ব্রিটিশ এ কোচ, ‘আমাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকবে। হার, জিত বা ড্র, যা-ই হোক না কেন, আমি যেভাবে চাই দল সেভাবেই খেলবে। ফলাফল যেটাই হোক না কেন, আমরা রক্ষণাত্মক হয়ে ‘বাস পার্ক’ করার মতো দল নই। আমার মনে হয় আন্তে (চীনের কোচ) আমাদের খেলার ধরন এবং আমার কাজ করার পদ্ধতি সম্পর্কে যথেষ্ট জানেন। তাদের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। সব মিলিয়ে এটি একটি অত্যন্ত কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’
প্রথমবার এএফসির মঞ্চে বাংলাদেশের মেয়েরা। ফুটবলপ্রেমীরা তাকিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থানরত নারী দলের দিকে। তাই চীনের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা চাপ অনুভব করছেন ফুটবলাররা। কোচ হিসেবে বাংলাদেশ দলের ওপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দিচ্ছেন না বাটলার। বাস্তবতায় পা রেখে শিষ্যদের কাছ থেকে সেরা খেলাটা বের করে আনতে চান কোচ। এই টুর্নামেন্টকে বিশ্বকাপের সমতুল্য বলে আখ্যায়িত করেছেন বাটলার, ‘এটি আমাদের মেয়েদের জন্য অনেকটা বিশ্বকাপের মতো। আপনি যদি নিয়মিত এই পর্যায়ে খেলতে চান, তবে আপনার দিকে যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলোর সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে এবং মোকাবিলা করতে হবে। শুধু মনে করি মাঠে গিয়ে আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। আমি বড় কোনো আকাশ কুসুম স্বপ্ন দেখছি না। আমি এই পেশায় অনেক দিন ধরে আছি। অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে।’
এশিয়ান কাপের আগে মেয়েদের নিয়ে ‘মিশন অস্ট্রেলিয়া’ পরিকল্পনা করেছিলেন বাফুফে কর্তারা। কিন্তু বড় মঞ্চে খেলার প্রস্তুতি সেভাবে নিতে পারেনি মেয়েরা। কোনো প্রস্তুতি ম্যাচ এমনকি বিদেশে গিয়ে ক্যাম্প করা হয়নি মনিকা চাকমা-রুপ্না চাকমাদের। তাই তো অস্ট্রেলিয়ার সুন্দর পরিবেশে অনুশীলন করতে গিয়ে শুধুই মুগ্ধতা ছড়িয়েছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। গতকাল সংবাদ সম্মেলনে দলের বর্তমান অবস্থান আর আগের অবস্থান মনে করে বাটলার বলেন, ‘গুলিস্তানের ক্যাম্প থেকে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায়।’
আফঈদা, মনিকারা এখন অনুশীলন করছেন সিডনির জুবিলি স্টেডিয়ামে। ছবির মতো সুন্দর এই মাঠ দেখে বাংলাদেশের মেয়েরা অভিভূত। এমনকি বাংলাদেশ দলের ব্রিটিশ কোচও অস্ট্রেলিয়ার ট্রেনিং মাঠ দেখে জানিয়েছেন তিনি ‘ইউরোপ’ অনুভব করছেন।
