
খেলাধুলা ডেস্ক | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৮৩ বার পঠিত | পড়ুন মিনিটে

এমিরেটস স্টেডিয়ামে তখন শেষের বাঁশি বাজার অপেক্ষা। ঠিক সেই মুহূর্তেই দৃশ্যপট বদলে দিলেন কাই হাভার্টজ। অতিরিক্ত সময়ের গোলে চেলসিকে হতাশায় ডুবিয়ে লিগ কাপের ফাইনাল নিশ্চিত করল আর্সেনাল। মঙ্গলবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে মিকেল আর্তেতার দল জিতেছে ১–০ গোলে। প্রথম লেগে ৩–২ ব্যবধানে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৪–২ অ্যাগ্রিগেটে শিরোপার মঞ্চে পা রাখল গানাররা।
লন্ডন ডার্বি হলেও ম্যাচটিতে উত্তাপ ছিল কম। বল দুই প্রান্তে ঘোরাফেরা করলেও আক্রমণে ধার ছিল না কারোরই। চোটের কারণে আর্সেনালের দুই প্রধান স্তম্ভ অধিনায়ক মার্টিন ওডেগোর ও বুকায়ো সাকা ছিলেন না একাদশে। অন্যদিকে, টানা পাঁচ ম্যাচ জেতা চেলসি আত্মবিশ্বাসী থাকলেও মাঠে তার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়।
প্রথমার্ধের ১৮ মিনিটে পিয়েরো ইনকাপিয়ের শট রুখে দেন চেলসি গোলরক্ষক। বিরতির আগে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট ছাড়া ব্লুজরাও তেমন ভীতি ছড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে চেলসি বল দখলে রেখে আক্রমণের চেষ্টা করলেও আর্সেনালের জমাট রক্ষণ ভাঙতে পারেনি।
ম্যাচের নাটকীয়তা জমে ওঠে যোগ করা ছয় মিনিটে। গোলের আশায় চেলসির সব খেলোয়াড় ওপরে উঠে গেলে রক্ষণ ফাঁকা হয়ে যায়। সেই সুযোগটিই কাজে লাগায় আর্সেনাল। ডেক্লান রাইসের লম্বা পাস ধরে বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে পরাস্ত করেন কাই হাভার্টজ। নিজের সাবেক ক্লাবের জালে বল জড়িয়েই আর্সেনালের ফাইনালের টিকিট নিশ্চিত করেন এই জার্মান ফরোয়ার্ড।
এই জয়ে দীর্ঘ ৫ বছরের অপেক্ষার অবসান ঘটল আর্সেনালের। ২০২০ সালে এফএ কাপ জেতার পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠল উত্তর লন্ডনের ক্লাবটি। ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা নিউক্যাসল ইউনাইটেড।
