
অর্থনীতি ডেস্ক | রবিবার, ১৭ মে ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে

মাস্টারকার্ড, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড যৌথভাবে সারা দেশের বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করেছে।
সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়। উদ্যোগটির লক্ষ্য হলো ডিলার ও পেইন্টারদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, সহজ ডিজিটাল পেমেন্ট সুবিধা নিশ্চিত করা এবং তাদেরকে আরও বেশি আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় নিয়ে আসা।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই কো-ব্র্যান্ডেড কার্ড প্রোগ্রাম কার্ডধারীদের দীর্ঘমেয়াদে শক্তিশালী আর্থিক প্রোফাইল গড়ে তুলতে সহায়তা করবে। এর মাধ্যমে তারা ঋণসহ বিভিন্ন আনুষ্ঠানিক ব্যাংকিং সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। ডেবিট ও প্রিপেইড উভয় কার্ডেই নিরাপদ ক্যাশলেস পেমেন্ট সুবিধার পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির বিস্তৃত এটিএম নেটওয়ার্ক ব্যবহার করে বিনামূল্যে নগদ অর্থ উত্তোলনের সুবিধা থাকবে।
পেইন্টারদের জন্য চালু হওয়া প্রিপেইড কার্ডের মাধ্যমে কার্ডধারীরা মাস্টারকার্ড এর ‘প্রাইসলেস স্পেশালস’ প্ল্যাটফর্মের আওতায় দেশজুড়ে ১০ হাজারের বেশি আউটলেটে বিশেষ সুবিধা পাবেন।
এছাড়া ডাইনিং ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ ৩০ শতাংশ, ইলেকট্রনিক্স পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ, হোটেল ও রিসোর্টে সর্বোচ্চ ৫০ শতাংশ, এয়ার টিকিটে সর্বোচ্চ ১০ শতাংশ এবং নির্বাচিত ই-কমার্স প্ল্যাটফর্মে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও এহতেশামুল এইচ খান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর রুপালি চৌধুরী, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মাস্টারকার্ড বাংলাদেশের ডাইরেক্টর জাকিয়া সুলতানা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আবেদুর রহমান সিকদার, চিফ বিজনেস অফিসার আবুল কাসেম মোহাম্মদ সাদেক নেওয়াজ এবং চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ তারেকসহ তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি
