
খেলাধুলা ডেস্ক | রবিবার, ১৭ মে ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে

অবশেষে চেলসি তাদের দীর্ঘমেয়াদী উদ্ধারকর্তার সন্ধান পেল। স্প্যানিশ কোচ জাবি আলোনসোকে নিজেদের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করেছে ব্লুজরা। লন্ডনের ক্লাবটির সঙ্গে চার বছরের চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে স্ট্যামফোর্ড ব্রিজে নিজের অধ্যায় শুরু করবেন আলোনসো।
অফিশিয়াল বিবৃতিতে চেলসি জানিয়েছে, ‘আলোনসোর কোচিং দর্শন, খেলার ধরন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ব্যক্তিত্বের ওপর ক্লাবের গভীর আস্থা রয়েছে। চেলসির আগামীর যাত্রাকে সফলভাবে এগিয়ে নেওয়ার জন্যই তাকে বেছে নেওয়া হয়েছে। স্ট্যামফোর্ড ব্রিজে সাফল্যের ঐতিহ্য ফিরিয়ে আনতে জাবির সাথে একাত্ম হয়ে কাজ করার ব্যাপারে চেলসি ফুটবল ক্লাব সম্পূর্ণ আত্মবিশ্বাসী।’
চেলসির নতুন বস হিসেবে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলোনসোও। তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলের অন্যতম বড় ক্লাব চেলসি। এই ক্লাবের কোচ হতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। ক্লাবের মালিকপক্ষ ও ক্রীড়া পরিচালকদের সঙ্গে আলোচনার পর এটা স্পষ্ট যে আমাদের লক্ষ্য একই। আমরা এমন একটি দল গঠন করতে চাই যা নিয়মিত শীর্ষ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ট্রফির জন্য লড়াই করবে।’
গত জানুয়ারিতে এনজো মারেস্কাকে বরখাস্ত করার পর লিয়াম রসেনিয়রের সঙ্গে সাড়ে ছয় বছরের দীর্ঘমেয়াদী চুক্তি করেছিল চেলসি। কিন্তু মাত্র ১০৬ দিনের মাথায় গত মাসে তাকেও ছাঁটাই করা হয়। রসেনিয়রের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন ক্যালাম ম্যাকফারলেন। অবশেষে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আলোনসোকেই বেছে নিল চেলসি। সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র ৭ মাস কাটানোর পর গত জানুয়ারিতে বরখাস্ত হওয়ার পর থেকে দলহীন ছিলেন এই স্প্যানিশ তারকা।
