সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

সাকার গোলে ২০ বছর পর ফাইনালে আর্সেনাল

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকার গোলে ২০ বছর পর ফাইনালে আর্সেনাল

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুকায়ো সাকার দারুণ এক গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে দলটি।

মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে উৎসবের আমেজে এই জয় নিশ্চিত করে মিকেল আর্তেতার দল। গত সপ্তাহে মাদ্রিদে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে পা রাখল লন্ডন জায়ান্টরা।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ৩০ মে বুদাপেস্টে। সেখানে আর্তেতার দলের প্রতিপক্ষ হবে পিএসজি অথবা বায়ার্ন মিউনিখ। তবে ফাইনালের ঠিক এক সপ্তাহ আগে আর্সেনালের সামনে সুযোগ রয়েছে ২২ বছরের আক্ষেপ মিটিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা উঁচিয়ে ধরার।

যদিও ম্যাচের শুরুতেই কিছুটা চাপে ছিল আর্সেনাল। অ্যাতলেটিকোর জুলিয়ান আলভারেজ ও সিমিওনে গোলের সুযোগ তৈরি করলেও লক্ষ্যভেদে ব্যর্থ হন। তবে ম্যাচের ৪৪ মিনিটে স্টেডিয়ামকে উল্লাসে মাতান বুকায়ো সাকা। লিয়েন্দ্রো ট্রোসার্ডের শট অ্যাতলেটিকো গোলরক্ষক ওবলাক ঠিকমতো ঠেকাতে না পারলে ফিরতি বলে গোল করেন সাকা।

আর্সেনালের জয় উল্লাস
আর্সেনালের জয় উল্লাস

এটি ছিল চলতি চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের নবম ‘ক্লিন শিট’। সাকার এই গোলটি আর্সেনাল সমর্থকদের ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর চেষ্টা করলেও আর্সেনালের রক্ষণভাগ ও গোলরক্ষক ডেভিড রায়া তা রুখে দেন। আর্সেনালের জন্য এটি এক ঐতিহাসিক মৌসুম হতে যাচ্ছে। একদিকে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে তারা শীর্ষে, অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল।

এবারের জয়ের মাধ্যমে আর্তেতার দল স্পর্শ করেছে ৫৫ বছর আগের এক অনন্য রেকর্ড। ১৯৭১ সালে এক মৌসুমে ৪১টি ম্যাচ জিতেছিল আর্সেনাল; মঙ্গলবার রাতে সেই রেকর্ড ছুঁয়ে ফেলল তাঁর শিষ্যরা। আর্তেতা জানান, এমিরেটসের গ্যালারি আর মাঠের বাইরের এই উন্মাদনা তিনি আগে কখনও অনুভব করেননি।

২০০৬ সালে শেষবার ফাইনালে উঠলেও বার্সেলোনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এবার সেই আক্ষেপ মোচনের পালা। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারানোয় সুবিধা এখন আর্সেনালের হাতে। ওয়েস্ট হ্যাম, বার্নলি এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বাকি তিনটি ম্যাচ জিতলেই লিগ চ্যাম্পিয়ন হবে তারা। আর সেটি করতে পারলে আর্তেতার এই বর্তমান প্রজন্ম ২০০৪ সালের অপরাজেয় ‘ইনভিন্সিবলস’ দলকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ