
আন্তর্জাতিক ডেস্ক | সোমবার, ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে

আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিদেশি হস্তক্ষেপের বিরোধীতা করে ব্রাজিলের বর্তমান প্রশাসন যে অবস্থান নিয়েছে, তাতে চীনের সমর্থন আছে। বেইজিং নিজেও রিও ডি জেনিরোর ওপর বিদেশি হস্তক্ষেপের বিরোধীতা করে।
সোমবার এক ফোনালাপে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে এসব কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী অক্টোবরে দেশটিতে নির্বাচন হওয়ার কথা। এর আগে দুই নেতার মধ্যে এমন আলাপ হলো। নির্বাচনে লুলার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত জাইর বোলসোনারোর ছেলে ফ্লাভিও বোলসোনারো।
সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, লুলাকে শি বলেছেন, চীন ব্রাজিলের আন্তর্জাতিক অবস্থান এবং গুরুত্বপূর্ণ প্রভাবকে অত্যন্ত মূল্য দেয়। তাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা, বাইরের হস্তক্ষেপের বিরোধিতা এবং আঞ্চলিক ও বিশ্ব শান্তি বজায় রাখার অবদানকে সমর্থন করে।
ব্রাজিলের প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতি অনুযায়ী, লুলা ও শি ‘মার্কোসুর-চীন চুক্তির’ জন্য আলোচনা ত্বরান্বিত করার বিষয়েও একমত হয়েছেন। মার্কোসুর একটি আঞ্চলিক বাণিজ্য জোট।
এক ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই ফোনালাপে লুলা বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে থেকে শুল্কের চাপের মধ্যে তিনি বাজার ও বাণিজ্য অংশীদার বৈচিত্র্যময় করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ চলতি মাসে ওয়াশিংটন ব্রাজিলের বিভিন্ন পণ্যের ওপর দুই দফা শুল্ক আরোপ করেছে। গত বছর জাইর বোলসোনারোকে জেলে পাঠানোর প্রতিশোধ হিসেবেও শুল্ক আরোপ করা হয়।
জাতীয় নির্বাচনের আগে ওয়াশিংটনের এই শুল্ক চাপকে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা বলে নিন্দা জানিয়েছেন লুলা। নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চাওয়া দুই মার্কিন কর্মকর্তাকে ভিসা দিতেও অস্বীকৃতি জানিয়েছে ব্রাজিল।
