
খেলাধুলা ডেস্ক | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। বল হাতে কিউইদের একাই গুঁড়িয়ে দিয়েছেন চোট কাটিয়ে দলে ফেরা মুস্তাফিজুর রহমান।
২৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা কিউইদের শুরু থেকেই চাপে রাখেন টাইগার বোলাররা। বিশেষ করে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ছিলেন বিধ্বংসী রূপে। মাত্র ৮ ওভারে ৩০ রান খরচায় ৫টি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাহিদ রানা। ১০ ওভারে ৩৭ রান দিয়ে তিনি শিকার করেন ২ উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।
মিরপুরে প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দাপুটে জয়ে সিরিজ জয় নিশ্চিত করল মিরাজ বাহিনী।
ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের এই মাঠেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা থেকে। এরপর ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে এবং ২ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
