
খেলাধুলা ডেস্ক | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

আর মাত্র কয়েক ঘণ্টা পরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচে লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ আলজেরিয়া। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই দুদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মধ্যকার হাতাহাতির ঘটনা ঘটেছে। সংঘর্ষের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদন অনুসারে, নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটনের কেন্দ্রস্থলে সমবেত হয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। পাশেই অবস্থান নিয়েছিলেন আলজেরিয়ার সমর্থকেরাও। দুদলের সমর্থকেরা শুরুতে নিজেদের দলের স্লোগান দিলেও পরে প্রতিপক্ষকে বিদ্রুপ করতে থাকেন।
ঘটনা ধীরে ধীরে অন্যদিকে মোড় নেয়। মৌখিক বাগ্বিতণ্ডা দ্রুতই রূপ নেয় শারীরিক সংঘর্ষে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের সমর্থকেরা একে অপরকে ধাক্কা দিচ্ছেন, লাথি ও ঘুষি মারছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হয় নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং শৃঙ্খলা ফিরে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়া কাউকে আটক করা হয়েছে কি না, সেটাও জানা যায়নি।
উল্লেখ্য, বাংলাদেশ সময় সকাল ৭টায় গ্রুপ জে-র ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
