
জাতীয় ডেস্ক | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে

রাতারাতি জ্বালানি তেল ও এলপিজির দাম বৃদ্ধি করায় জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। তিনি সরকারের প্রতি দাম কমানোর আহ্বান জানিয়ে বলেছেন, সরকার দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে বা যে পরিস্থিতিতে তারা দাম বাড়িয়েছে, কিন্তু এত দাম বাড়ানো উচিত হয়নি। তাই দাম কমিয়ে জনজীবনে স্বস্তি নিয়ে আসতে হবে।
মঙ্গলবার সংসদের বৈঠকে ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের আলোচনায় এ সব কথা বলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এর আগে বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
আখতার হোসেন বলেন, জ্বালানি তেল নিয়ে বৈশ্বিকভাবে একটা সংকট চলছে। একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। তার প্রেক্ষিতে বাংলাদেশে একটা জ্বালানি সংকটের মত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু তেল সংকটে কৃত্রিম কিছু বিষয়ও আছে। সে বিষয়গুলোতে আসলে সরকারের পদক্ষেপ কি? সেটা এখনো পর্যন্ত ভালো করে জানা যায়নি।
জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনা হওয়ার কথা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ করে যে এলপিজির দামও বাড়ায়ে দেওয়া হলো, যারা রান্নাবান্নার কাজে করতেছেন, বিভিন্ন উৎপাদনের কাজগুলো করতেছেন, তারা কিন্তু এই সময়টাতে ভালো করে এই রান্নাবান্নার কাজগুলোতে করতে পারবেন না। যদি এইভাবে এলপিজির দামগুলো বাড়তে থাকে। তিনি এসময় দাম বাড়ানোটাকে মাত্রাতিরিক্ত অভিহিত করে দাম কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি জানান।
তিনি বলেন, রাতারাতি তেলের দাম বাড়িয়ে দেওয়ার ফলে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। সেটা থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি দেশীয় সংকট, মজুতদারীসহ বিভিন্ন জায়গায় সরকারের ব্যর্থতা চিহিৃত করে ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।
