
খেলাধুলা ডেস্ক | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে

সার্বিয়ায় ক্রিকেটের প্রচলন খুব একটা নেই। তবে দেশটির টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ ঠিকই ক্রিকেটের খোঁজখবর রাখেন। আর এই খেলার প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে বিরাট কোহলির কারণে। সম্প্রতি মাদ্রিদে ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে জকোভিচ নিজেই এ কথা জানিয়েছেন।
কোহলির প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে সার্বিয়ান এই টেনিস তারকা বলেন, ‘কোহলি আমার ভালো বন্ধু এবং এমন একজন মানুষ, যাকে আমি সম্মান ও শ্রদ্ধা করি। সত্যি বলতে, ওর জন্যই আমি ক্রিকেট দেখা শুরু করেছি। আগে আমি ক্রিকেট সেভাবে অনুসরণ করতাম না, কিন্তু কোহলির মাধ্যমেই খেলাটির প্রতি আমার আগ্রহ তৈরি হয়।’
ভবিষ্যতে ভারতে এলে কোহলির সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছেন জকোভিচ। তিনি বলেন, ‘যখন আমি ভারতে যাব, আশা করি তখন কোহলির সঙ্গে আমার দেখা হবে। আমরা হয়তো একটু টেনিস ও ক্রিকেট খেলব এবং একসঙ্গে কিছুটা সময় কাটাব।’
