
আন্তর্জাতিক ডেস্ক | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৮১ বার পঠিত | পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউনের অবসান ঘটাতে চুক্তিতে পৌঁছেছেন সিনেটররা। ৪০ দিনব্যাপী দীর্ঘ শাটডাউনের অবসান ঘটাতে সিনেটে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছে বিবিসির মার্কিন সংবাদ অংশীদার সিবিএস। এ চুক্তি কার্যকর হওয়ার আগে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন হবে।
এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে সমঝোতা বৈঠকও অনুষ্ঠিত হয়। এরপরই সিদ্ধান্ত হয় ভোটের। এই চুক্তি যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি সেবাগুলো সম্পূর্ণভাবে পুনরায় চালু হওয়ার পথ খুলে দিতে পারে।
ভোট প্রদানের মাধ্যমে শাটডাউনের অচল অবস্থা কাটার ইঙ্গিত মিললেও এ নিয়ে এখনও বেশ কিছু বাধা রয়ে গেছে। কেননা এ চুক্তি পুরোপুরি কার্যকর হতে কতদিন সময় লাগবে এবং এটি টেকসই হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
৪০ দিন ধরে এই অচলাবস্থা চলছে, যার ফলে ফেডারেল কর্মীরা বেতন পাচ্ছেন না, বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করছে এবং লাখ লাখ আমেরিকানের খাদ্য সহায়তা পেতেও দেরি হচ্ছে। সব শেষ সিনেটে অধিবেশন শুরু থেকেই জটিল হয়ে ওঠে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ডেমোক্র্যাটদের দাবি ছিল মেয়াদোত্তীর্ণ স্বাস্থ্য বীমায় ভর্তুকির মেয়াদ এক বছর বাড়ানো।
এক দিনে আরও ৩ হাজার ৩০০ ফ্লাইট বাতিল্র; যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনে দেশটির বিভিন্ন এয়ারলাইন্স এক দিনে আরও তিন হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এভাবে চলতে থাকলে বিমান চলাচল প্রায় বন্ধের পর্যায়ে নেমে আসতে পারে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গত সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ক্লান্তি ও অনুপস্থিত কর্মীদের কারণে ফ্লাইট সীমিত করার নির্দেশ দিয়েছিল। অনেক এয়ার ট্রাফিক কন্ট্রোলার অতিরিক্ত কাজের চাপ ও বেতন না পাওয়ায় কাজে যোগ দিতে অস্বীকৃতি জানান।
