বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

এবার রোনালদোর হাতে বিশ্বকাপ চান বিশ্বকাপ জয়ী ফ্রান্সম্যান

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার রোনালদোর হাতে বিশ্বকাপ চান বিশ্বকাপ জয়ী ফ্রান্সম্যান

তাদের মধ্যে যেমন টানাটানি হতো ব্যালন ডি’অর নিয়ে, যেমন উত্তেজনা ছড়াত ইউরোপের ক্লাব ফুটবলের দ্বৈরথে; তুলনাটা তেমনই চলুক বিশ্বকাপেও। বিশ্বকাপ ট্রফিতে ছোঁয়া লেগেছে মেসির। এবার তাতে রোনালদোর হাত পড়ুক–এমনটাই চান ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ফ্রাঙ্ক লেভোয়ুফ।

তিনি বলেন, ‘২০২২ বিশ্বকাপটা মনে হয়েছিল মেসির জন্য উৎসর্গ করা হয়েছে। আমি আশা করি, এবারের বিশ্বকাপটি ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য উৎসর্গ করা হোক। বিশ্বকাপ জেতাটা তার এবং পর্তুগালের জন্য সত্যিই অসাধারণ কিছু হবে। পর্তুগালের সেই সামর্থ্যও রয়েছে।’ গোলডটকমের এক প্রতিবেদনে এভাবেই রোনালদোর পরিপূর্ণতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন লেভোয়ুফ।

যদিও কিছুদিন আগে পিয়ার্স ম্যারগানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন বিশ্বসেরা ফুটবলার হতে হলে বিশ্বকাপ জিততে হয়–ব্যাপারটি এমন নয়। ‘একটি টুর্নামেন্ট জয় দিয়ে কাউকে বিশ্বসেরা ফুটবলার প্রমাণ করা যায় না।’

রোনালদোর সেই যুক্তি মেনে নিতে পারেননি এই ফরাসি তারকা, ‘মেসি ও রোনালদো–দুজনই এরই মধ্যে অনেক বড় শিরোপা জিতেছে। তবে এটি সত্যি যে বিশ্বকাপ জয় তাদের দুজনের পার্থক্য স্পষ্ট করে দিয়েছে। কখনও কখনও এ কথা বলার পর রোনালদো ভক্তরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা আমাকে জিজ্ঞাসা করেন, তুমি জীবনে কী অর্জন করেছে? আমি তাদের উত্তর দিই–আমি বিশ্বকাপ জিতেছি, যা রোনালদো পারেনি।’

১৯৯৮ বিশ্বকাপ জিতেছিলেন লেভোয়ুফ। খেলা ছাড়ার পর নেমেছেন অভিনয় জগতে। ফুটবল ম্যাচের ধারাভাষ্যও দেন তিনি। তাঁর মতে গতবার বিশ্বকাপ জয়ের পর রোনালদোর চেয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন লিওনেল মেসি। তাঁকে ধরতে গেলে এখন রোনালদোকেও বিশ্বকাপ ট্রফি জিততে হবে। ‘দুই দশক ধরে ফুটবল সমর্থকরা একটি প্রশ্নের উত্তর খুঁজে গেছেন–মেসি না রোনালদো, সেরা কে? আমার মনে হয়, বিশ্বকাপ জিতে মেসি উত্তর দিয়ে দিয়েছেন। রোনালদোর সামনে সুযোগ এখনও আছে।’

আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে রোনালদোর বয়স হবে একচল্লিশ। এই বয়সেও কি তাঁর ওপর নির্ভর করবে পর্তুগাল? ২০২৪ সালে ইউরো কাপে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বেশির ভাগ সময় তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। আগামী বিশ্বকাপেও কি এমনটা হবে? উত্তর দিয়েছেন লেভোয়ুফ, ‘বিষয়টি নির্ভর করছে কোচ কীভাবে তাকে ব্যবহার করেন, সেটির ওপর। আশা করি, আগামী বিশ্বকাপে পুরো ফিট থাকবে রোনালদো। এবং তাকে ঘিরেই পর্তুগাল বিশ্বকাপ জিততে পারে। তিন দিন পর পর ম্যাচে রোনালদোকে পুরোটা সময় খেলানোটা কোচের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রোনালদোকে ব্যবহার করতে হবে ম্যাচের প্রয়োজনীয় মুহূর্তে সেরাটা আনার জন্য।’

ফরাসি এই সাবেক বিশ্বকাপজয়ী মনে করেন গ্রুপ পর্বে কলম্বিয়া আর উজবেকিস্তানের সঙ্গে জিততে কোনো সমস্যা হবে না পর্তুগালের এবং আগামী বিশ্বকাপে রোনালদোর হাতেই থাকবে পর্তুগালের অধিনায়কত্ব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

এ বিভাগের আরও খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ