
খেলাধুলা ডেস্ক | শনিবার, ০৬ জুন ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

টেনিস মহাযজ্ঞে দেখা মিলল নতুন এক রানির। প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ১৯ বছর বয়সী রুশকন্যা মিরা আন্দ্রিভা। শনিবার রোলাঁ গারোর ফাইনালে পোল্যান্ডের মায়া চফালিনিয়েস্কাকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ট্রফি উঁচিয়ে ধরলেন এই উদীয়মান তারকা।
ফাইনালের শুরু থেকেই প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি র্যাংকিংয়ের আট নম্বরে থাকা আন্দ্রিভা। পোলিশ প্রতিপক্ষ চফালিনিয়েস্কাকে ৬–৩, ৬–২ সেটে হারিয়ে সহজেই শিরোপা নিজের করে নেন তিনি। ফাইনাল শুরুর আগেই ফেবারিট হিসেবে কোর্টে নেমেছিলেন এই রুশ তরুণী। মাত্র ১৫ বছর বয়সে প্রথম ডব্লিউটিএ ট্যুর ম্যাচ জেতা আন্দ্রিভা ইতিমধ্যেই ৫টি ডব্লিউটিএ শিরোপা নিজের ঝুলিতে পুরেছেন। এছাড়া এর আগে উইম্বলডনের চতুর্থ রাউন্ডেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
অন্যদিকে, ১১৪ নম্বর র্যাংকিং নিয়ে এবারের ফ্রেঞ্চ ওপেন শুরু করেছিলেন মায়া চফালিনিয়েস্কা। প্যারিসে আসার আগে খেলা ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মাত্র ২টিতে কোয়ালিফাই করতে পারা এই পোলিশ খেলোয়াড়কে এবারও বাছাইপর্বের বৈতরণী পার হয়ে মূল পর্বে আসতে হয়েছিল। বাছাইপর্ব থেকে স্বপ্নের মতো পথ পাড়ি দিয়ে ফাইনালে উঠলেও, শেষ পর্যন্ত ফেবারিট আন্দ্রিভার পারফরম্যান্সের সামনে আর পেরে ওঠেননি তিনি।
ফ্রেঞ্চ ওপেনের ট্রফি হাতে মিরা আন্দ্রিভা বলেন, আমি যখন অনেক অনেক ছোট, তখন থেকেই টিভিতে রোঁলা গারোর খেলা দেখছি। এই টুর্নামেন্ট জেতা সত্যিই অনেক বড় একটা ব্যাপার। আমি বিশ্বাসই করতে পারছি না যে এখন আমি এই ট্রফিটা নিজের হাতে ধরে আছি!
