শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এবার হজ পালন করলেন ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন

জাতীয় ডেস্ক   |   বুধবার, ২৭ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার হজ পালন করলেন ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন

সৌদি আরবে এ বছর পবিত্র হজে অংশ নিয়েছেন ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন মুসল্লি। এদের মধ্যে সৌদি আরবের বাইরের ১৬৫টি দেশ থেকে গিয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন হজযাত্রী। আর সৌদির নাগরিক ও দেশটিতে বসবাস করা হাজি রয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন। সৌদির আরব কর্তৃপক্ষের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট। ২০২৫ সালে হজে অংশ নিয়েছিলেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি।

সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, সৌদি আরব ও অন্যান্য দেশ থেকে এবার হজ পালনকারীদের মধ্যে ৮ লাখ ৯৩ হাজার ৩৯৬ জন পুরুষ; আর নারী হাজির সংখ্যা ৮ লাখ ১৩ হাজার ৯০৫ জন।

অন্যান্য দেশ থেকে সৌদিতে আসা হজযাত্রীদের মধ্যে ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন আকাশপথে, ৫৪ হাজার ৪২৯ জন স্থলপথে এবং ৬ হাজার ৪৯৭ জন সমুদ্রপথে এসেছেন। এবার দায়িত্ব পালন করা হজকর্মীর সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৪৯ জন এবং বিভিন্ন খাতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন ২৬ হাজার ৭০১ জন।

সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া প্রশাসনিক নথি ব্যবহার করে হজযাত্রীদের এই পরিসংখ্যান প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বছর বাংলাদেশ থেকে সৌদি আরব গেছেন প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রী। ইরান থেকে ৩০ হাজার হজযাত্রী সৌদি গেছেন।

সৌদি কর্তৃপক্ষ বলছে, হজ ব্যবস্থাপনা আরও সহজ ও আধুনিক করতে নেওয়া নানা উদ্যোগ, প্রবেশপথে অবকাঠামো সম্প্রসারণ এবং সেবার মানোন্নয়নের ফলেই হাজিদের অংশগ্রহণ বেড়েছে। একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক নানা পরিবর্তনের মধ্যেও হজের প্রতি মুসলমানদের আগ্রহ অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, ডিজিটাল সেবা সম্প্রসারণ, উন্নত জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপত্তা, স্বাস্থ্য ও লজিস্টিক বিভাগগুলোর সমন্বিত কার্যক্রম এবারের হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ