
অর্থনীতি ডেস্ক | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ১০৩ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশের প্রাণিস্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে তিন দিনব্যাপী ‘৬ষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপো-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘সুস্থ প্রাণী, সমৃদ্ধ জাতি’ স্লোগানে আগামী ৮ থেকে ১০ জানুয়ারি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনীর আয়োজক অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)। মেলায় বিশ্বের ১৪টি দেশ অংশ নেবে।
এক্সপো আয়োজনের বিস্তারিত তথ্য জানাতে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আহকাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপোর উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আহকাবের সভাপতি সায়েম উল হক বলেন, এবারের এক্সপোতে ২২০টি কোম্পানি অংশ নেবে। প্রান্তিক খামারিরা আন্তর্জাতিক পর্যায়ে কী ধরনের প্রযুক্তি বা ভ্যাকসিন আসছে, তা জানার সুযোগ পাবেন।
সংগঠনের কোষাধ্যক্ষ ডা. মোজাম্মেল হোসেন খানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহসভাপতি ডা. এসএমএফ আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ রাশেদুল জাকির, সাবেক সেক্রেটারি আফতাব আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান প্রমুখ।
