
অর্থনীতি ডেস্ক | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে

গেল বছর পণ্য হ্যান্ডলিং ও আয়ে উন্নতি হয়েছে চট্টগ্রাম বন্দরের। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে কার্গো হ্যান্ডলিং বেড়েছে ১১ দশমিক ৪৩ শতাংশ। জাহাজ হ্যান্ডলিংয়ে ১০ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। প্রথমবারের মতো ৩৪ লাখ কনটেইনার হ্যান্ডলিংয়ের মাইলফলক স্পর্শ করেছে।
২০২৫ সালে চট্টগ্রাম বন্দর ২০ ফুট এককের ৩৪ লাখ ৯ হাজার ৬৯ কনটেইনার এবং ১৩ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৮১২ টন কার্গো পণ্য হ্যান্ডল করেছে। জাহাজ এসেছে সর্বোচ্চ ৪ হাজার ২৭৩টি। কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪ শতাংশ।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, ‘কাস্টমসের কলমবিরতি, বিভিন্ন ধর্মঘটসহ অন্যান্য নেতিবাচক প্রভাব বন্দরসহ দেশের লজিস্টিকস খাতকে নতুন চ্যালেঞ্জে ফেলে। তারপরও সফলভাবে উতরে গেছি আমরা।’
তিনি মনে করেন, নতুন যন্ত্রপাতি সংযোজন, ইয়ার্ড ক্যাপাসিটি সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের নিরলস পরিশ্রম ও বন্দর ব্যবহারকারীদের অব্যাহত সহযোগিতার কারণে বন্দরের হ্যান্ডলিং কার্যক্রমে নতুন রেকর্ড হয়েছে। তিনি জানান, প্রতিকূল অবস্থা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে জাহাজের অপেক্ষার সময় আগের তুলনায় কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ৯ দিন, অক্টোবরে ১৮ দিন, নভেম্বরে ২৬ দিন এবং ডিসেম্বরে ২৬ দিন জাহাজের ‘ওয়েটিং টাইম শূন্য ছিল। বর্তমানে বন্দরে আসা জাহাজ আসার সঙ্গে সঙ্গে ‘বার্থ’ পাচ্ছে।
সফল হয়েছে ড্রাইডক
চিটাগাং ড্রাইডক লিমিটেড পরিচালিত কনটেইনার টার্মিনালগুলোতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৬ মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এ সময়ে মোট ৬ লাখ ৯৮ হাজার ৬৬৮ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১৯ শতাংশ বেশি। গত বছরের তুলনায় এবার ৬৪ হাজার ৬২০ টিইইউএস কনটেইনার বেশি হ্যান্ডল করা হয়েছে। ছয় মাসের মধ্যে অক্টোবর মাসে সর্বোচ্চ ২০ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
ট্যারিফ ও বন্দর রাজস্ব
বন্দরের মোট রাজস্ব আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে জাহাজ সেবা ও মালপত্র হ্যান্ডলিং খাত থেকে। ২০২৫ সালে বন্দরের ৫ হাজার ৪৬০ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। ২০২৪ সালের তুলনায় যা ৭ দশমিক ৫৫ শতাংশ বেশি।
