
বিনোদন ডেস্ক | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৫৪ বার পঠিত | পড়ুন মিনিটে

দক্ষিণী মেগাস্টার যশের বহুল আলোচিত নতুন সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। ছবিটির ট্রেলার বা ঝলক প্রকাশের পরপরই এর বিষয়বস্তু ও কিছু দৃশ্য নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে স্পষ্ট মতভেদ দেখা যায়। এরই মধ্যে নতুন করে আগুনে ঘি ঢেলেছে যশের একটি পুরোনো সাক্ষাৎকার, যা বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল।
ছবির প্রকাশিত ঝলকে দেখা যায়-রণক্ষেত্রের মতো উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যশের সঙ্গে এক নারীর অতিঘনিষ্ঠ দৃশ্য। খ্রিস্টান গোরস্থানে গোলাগুলি ও মারপিটের দৃশ্যের ফাঁকে এমন যৌনঘনিষ্ঠ মুহূর্ত কেন যুক্ত করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক দর্শক। সমালোচকদের একাংশের মতে, দর্শক আকর্ষণের জন্য এই দৃশ্যটি ‘সস্তা কৌশল’ হিসেবে ব্যবহার করা হয়েছে, যা নারীবিদ্বেষী মানসিকতাকেও উসকে দিতে পারে। এমনকি সামাজিক মাধ্যমে ওই দৃশ্য বাদ দেওয়ার দাবিও উঠেছে।
এই বিতর্কের মাঝেই ভাইরাল হয়েছে যশের পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিও। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমি এমন কোনও দৃশ্যে কখনও অভিনয় করব না, যা আমি বাবা-মায়ের সঙ্গে বসে দেখতে পারব না।’
এই বক্তব্য সামনে আসতেই নেটিজেনদের একাংশ যশকে ‘দ্বিমুখী’ বলে কটাক্ষ করছেন।
তবে সমালোচনার বিপরীতে যশের পক্ষেও শক্ত অবস্থান নিয়েছেন তার ভক্তরা। তাদের যুক্তি, সময়ের সঙ্গে একজন শিল্পীর দৃষ্টিভঙ্গি ও কাজের ধরন বদলাতেই পারে-এটাই স্বাভাবিক বিবর্তন। আবার অনেকেই মনে করছেন, পুরো সিনেমা না দেখে কেবল একটি দৃশ্যের ভিত্তিতে রায় দেওয়া অনুচিত।
উল্লেখ্য, ‘টক্সিক’-এ যশের বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে জার্মান অভিনেত্রী বেয়াট্রিজ টফেনবাককে। ছবিটিতে আরও রয়েছেন বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা-কিয়ারা আডবাণী, নয়নতারা, রুক্মিণী, তারা সুতারিয়া, হুমা কুরেশি এবং নওয়াজউদ্দীন সিদ্দীকী।
শিল্পীসমৃদ্ধ এই সিনেমা নিয়ে ইতোমধ্যেই ধারণা তৈরি হয়েছে-মুক্তির পর এটি হয়তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত আলোচিত সিনেমা ‘অ্যানিম্যাল’–এর বক্স অফিস রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারে।
