
জাতীয় ডেস্ক | শুক্রবার, ০৮ মে ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে

সরকার গঠনের পর প্রথমবারের মতো সারা দেশের সাংগঠনিক শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সব সাংগঠনিক ইউনিটের সঙ্গে দিনব্যাপী বিশেষ এ মতবিনিময় সভা হবে। বিএনপির সূত্র জানিয়েছে, মতবিনিময় সভায় মূলত সরকারি দল ও বিরোধী দলের রাজনীতির পার্থক্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা তুলে ধরবেন চেয়ারম্যান। একই সঙ্গে তিনি সরকার ও দলের মধ্যকার কাজের পার্থক্যও তুলে ধরবেন।
মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সারাদেশের জেলা এবং মহানগরের শীর্ষ দুই নেতা অংশ নেবেন। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির শীর্ষ পাঁচ নেতা অংশ নেবেন। উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের কথা জনগণের সামনে তুলে ধরতে নির্দেশনা দেওয়া হবে আজকের বিশেষ বৈঠকে। সরকারি দল হিসেবে নেতাকর্মীদের করণীয়, জনগণের সুশাসন নিশ্চিত করতে আগামীতে তাদের কী ধরনের ভূমিকা থাকা প্রয়োজন, তা তুলে ধরা হবে মতবিনিময় সভা থেকে।
একই সঙ্গে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত ও সঠিক বার্তা পৌঁছে দিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের বিবরণ তুলে ধরে ব্রিফিং করবেন সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। আগামী দিনে সরকার ও দলের মধ্যে সমন্বয় বৃদ্ধি, বিরোধীদলীয় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে করণীয়, সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণ, সংগঠন নিয়মনীতি নেতাকর্মীদের মেনে চলার নানা দিকনির্দেশনা থাকবে এই মতবিনিময় সভার মূল এজেন্ডা। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি সুসংহত রাখতে নানা পরামর্শ এবং দলের কেন্দ্রীয় কাউন্সিল সামনে রেখে সভায় দেওয়া হবে নানা দিকনির্দেশনা। পাশাপাশি সারা দেশের সাংগঠনিক ইউনিটকে গতিশীল করতে তৃণমূলের মতামত শুনবেন তারেক রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মতবিনিময় সভায় নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান। আমাকে আমার মন্ত্রণালয় সম্পর্কে কাজের বিস্তারিত তুলে ধরতে বলা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সাংগঠনিক তৎপরতার অংশ হিসেবে এই মতবিনিময় সভা। সারা দেশের জেলা পর্যায়ের নেতারা সভায় তাদের মতামত তুলে ধরবেন। তিনি বলেন, বিরোধী দলের সমালোচনাটা যেন গঠনমূলক হয়।
