
বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ২২৯ বার পঠিত | পড়ুন মিনিটে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ—সব শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করছেন। শোক জানাচ্ছেন বিনোদন অঙ্গনের শিল্পীরাও। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী দিলরুবা খান।
এক পোস্টে দিলরুবা খান লিখেছেন, ‘চিরবিদায় নিলেন সময়কে অতিক্রম করা এক আপোষহীন নক্ষত্র, বাংলাদেশের রাজনীতির এক অবিচল প্রতীক। তিনি শুধু একজন নেত্রী নন, ছিলেন সাহস, মমতা ও দৃঢ়তার অনন্য সংমিশ্রণ। বাংলাদেশের প্রথম নারী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস গড়েছেন, আর একজন মানবিক মানুষ হিসেবে তিনি অগণিত হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। তাঁর স্মৃতি ও অবদান জাতি কোনোদিন ভুলবে না।হে আল্লাহ, আমার নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে স্থান দিন এবং তাঁকে সম্মানিত করুন।’
খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত স্মৃতির কথাও তুলে ধরে তিনি লিখেছেন, ‘আপনার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের অনেক স্মৃতি। ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর, তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে আমি গ্রহণ করেছিলাম জিসাস প্রদত্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক’। সেই মুহূর্তটি আমার জীবনের এক অনন্য গৌরব।’
সেই দিনের স্মৃতি মনে করে আক্ষেপের কথাও জানিয়েছেন দিলরুবা। তিনি লিখেছেন, ‘ম্যাডাম, আপনি সেদিন স্নেহভরে বলেছিলেন যে সময় করে তোমার কাছ থেকে ‘পাগল মন’ আর ‘রেললাইন বহে সমান্তরাল’ এই দুটি গান শুনবো। আমার দুর্ভাগ্য যে আমি আর আপনাকে সেই গান দুটি শোনাতে পারলাম না। এই আক্ষেপ আমার আজীবন থেকে গেল।’
সব শেষে তিনি লিখেছেন, ‘আপনি চলে গেছেন, কিন্তু আপনার আদর্শ, আপনার ভালোবাসা, আর আপনার সাহসী নেতৃত্ব আমাদের পথ দেখিয়ে যাবে। ইতিহাসে আপনি থাকবেন একজন নেত্রী হিসেবে, আর হৃদয়ে থাকবেন একজন মায়ের মতো চিরকাল।’
