
অর্থনীতি ডেস্ক | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে

গৃহভিত্তিক ও পিস-রেটে কর্মরত পোশাক শ্রমিক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠনের আশ্বাস দিয়েছেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম তারিকুল আলম। তিনি বলেন, ‘শ্রম আইন সংশোধনের জন্য ইতোমধ্যে শ্রম সংস্কার কমিশন বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে প্রতিবেদন দিয়েছে এবং তা অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।’
বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সংলাপে এসব কথা বলেন তিনি। এ সময় শ্রমিক ও উদ্যোক্তারা তাদের নানা সমস্যা ও সুপারিশ তুলে ধরেন।
সংলাপে শ্রমিক প্রতিনিধি ফিরোজা অভিযোগ করেন, শ্রম আইন ২০০৬ এ তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও মাঠপর্যায়ে এর কোন বাস্তবায়ন নেই। নিয়োগপত্র, চুক্তিপত্র ও পরিচয়পত্র না থাকায় তারা ন্যায্য মজুরি ও ছুটি থেকে বঞ্চিত হন।
শ্রমিক প্রতিনিধি রাহেলা বলেন, ‘আমরা কোন ট্রেড ইউনিয়ন গঠন করতে পারছি না যার মাধ্যমে ন্যায্য দাবি আদায় সম্ভব হবে।’
উদ্যোক্তা প্রতিনিধি আফরোজা বলেন, ‘আমাদের ছোট ছোট কারখানায় কর্মরত শ্রমিকদের নিয়মিত মজুরি দেওয়া সম্ভব হয় না কারণ ক্রেতাদের কাছ থেকে আমরা ন্যায্য পাওনা পাই না। তাছাড়া আইনি দুর্বলতার কারণে আমরা ঋণ সুবিধাও পাচ্ছি না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য (সাবেক সচিব) জাকির হোসেন আকন্দ। সঞ্চালনায় ছিলেন রেডি সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ, কর্মজীবী নারীর অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা এবং শ্রম অধিদপ্তরের পরিচালক মিনু আফরোজ।
রেডি সংস্থার প্রকল্প সমন্বয়কারী মরিয়াম আক্তার শম্পা এ খাতের শ্রমিক ও উদ্যোক্তাদের বর্তমান অবস্থা ও ট্রেড ইউনিয়ন গঠনের সম্ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
দাতা সংস্থা অক্সফাম বাংলাদেশ ও ইউরোপীয়ান ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত এ সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ (বিলস), বাংলাদেশ লেবার ফাউন্ডেশন, বাংলাদেশ কৃষি-প্রসেসার্স অ্যাসোসিয়েশন (বাপা), গেইন, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, ট্রেড ইউনিয়ন নেতা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং গৃহভিত্তিক শ্রমিকরা।
