
খেলাধুলা ডেস্ক | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশ সময় আগামীকাল বুধবার সকালে আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে এটাই নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।
তবে আলবিসেলেস্তে কোচিং স্টাফের ভাবনার বড় অংশ জুড়ে চোটে থাকা খেলোয়াড়দের পুনর্বাসন প্রক্রিয়া। এখনো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি লিয়ান্দ্রো পারেদেস, হুলিয়ান আলভারেজ ও এমিলিয়ানো মার্তিনেজ। এর মধ্যে সবচেয়ে বেশি নজরে রাখা হচ্ছে বাজপাখি খ্যাত মার্তিনেজকেই।
কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা মার্তিনেজ অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপার ফাইনালে নামার আগে আঙুলে চোট পান। চোট নিয়েই ফাইনালে ভিলার গোলপোস্ট সামলান আর্জেন্টিনা গোলকিপার। দলকে এনে দেন দীর্ঘ প্রতীক্ষিত শিরোপা।
তবে ডান হাতের অনামিকা আঙুলে চিড় ধরার পর থেকেই আর স্বাভাবিক অনুশীলন চালিয়ে যেতে পারেননি। জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিলেও অনুশীলন করেছেন হাত সামলে রেখে। এ সময় তাঁর হাতে ব্যান্ডেজও দেখা গেছে। ফলে অনুমিতভাবেই হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি মার্তিনেসের। খেলা হবে না আগামীকাল সকালে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেও।
তাহলে মার্তিনেজের সেরে উঠতে কতদিন লাগবে? সেটার একটা ধারণা দিয়েছেন স্কালোনি। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ জানিয়েছেন, আগামী শুক্রবার মার্তিনেজের হাতের ব্যান্ডেজ খুলে ফেলা হবে। এরপর অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ করে স্কালোনি বলেছেন, ‘যদি হাড় জোড়া লাগার লক্ষণ তৈরি হয়ে থাকে, তাহলে সেটা হবে ভালো সংকেত। আমরা তখন ওর অনুশীলনের মাত্রা বাড়িয়ে দিতে পারব।’
বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় ১৭ জুন সকালে। আলজেরিয়ার বিপক্ষে ওই ম্যাচের আগে কি পুরোপুরি সেরে উঠতে পারবেন মার্তিনেজ? আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপের আর্জেন্টিনার প্রথম ম্যাচেই দেখা যেতে পারে ৩৩ বছর বয়সী এ গোলকিপার।
যদি শেষ পর্যন্ত মার্তিনেজ খেলা চালিয়ে যেতে না পারেন, সেক্ষেত্রে আর্জেন্টিনার গোলপোস্ট সামলানোর দায়িত্ব পাবেন হেরোনিমো রুইয়ি। আগামীকাল আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেও রুইয়িকেই আর্জেন্টিনার গোলপোস্টের নিচে দেখা যেতে পারে। এর আগে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে হুয়ান মুসোকে সুযোগ দিয়েছিলেন স্কালোনি।
