
আন্তর্জাতিক ডেস্ক | শনিবার, ১১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ২০৫ বার পঠিত | পড়ুন মিনিটে

আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক সপ্তাহের সফরে বৃহস্পতিবার ভারতে আসেন। ২০২১ সালে পশ্চিমা মদদপুষ্ট আশরাফ গনি সরকারকে হটিয়ে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর এটাই উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধির প্রথম ভারত সফর। আট দিনের সফরে মুত্তাকি ভারতের কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক হয় আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির। এ সময় জয়শংকর কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণা দেন।
পরে দিল্লির আফগান দূতাবাসে সংবাদ সম্মেলন করেন মুত্তাকি। বাছাই করা সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
পাকিস্তানকে ‘হুঁশিয়ারি’
সাম্প্রতিক সময়ে তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে দিল্লির আবার সম্পর্ক তৈরির নেপথ্যে পাকিস্তান রয়েছে বলে অনেক মনে করেন। কারণ, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে অবনতি ঘটেছে।
কাবুলে হামলার প্রসঙ্গ টেনে আমির খান মুত্তাকি বলেন, ‘সীমান্তের কাছে প্রত্যন্ত অঞ্চলে হামলা হয়েছে। পাকিস্তানের এই কাজকে ভুল বলে আমরা মনে করি। ৪০ বছর পর আফগানিস্তানে শান্তি এসেছে, অগ্রগতি হয়েছে। আফগানদের সাহস পরীক্ষা করা উচিত নয়। যদি কেউ তা করতে চায়, তাহলে তাদের উচিৎ সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে জিজ্ঞাসা করা।’
যুক্তরাষ্ট্রের জন্য বার্তা
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগরাম বিমান ঘাঁটি মার্কিন নিয়ন্ত্রণে ফেরানোর কথা বলেছেন। আফগানিস্তান এর প্রতিবাদ জানিয়েছে। ভারত সফরের দ্বিতীয় দিনে দিল্লিতে বসে সেই প্রসঙ্গে আমির খান মুত্তাকি বলেন, ‘আফগানিস্তান কখনোই সেখানে কোনো সামরিক বাহিনীকে গ্রহণ করেনি এবং করবে না।’
তিনি আরও বলেন, ‘আফগানিস্তান একটি সার্বভৌম দেশ। আপনি যদি সম্পর্ক চান, তাহলে কূটনৈতিক মিশনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। কিন্তু আমরা সামরিক পোশাক পরা কাউকে গ্রহণ করিনা।’ সূত্র: বিবিসি
