
আন্তর্জাতিক ডেস্ক | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে

শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রী শুধু পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন।
তিনি আরও বলেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের মতামত শুধু পাকিস্তানকে জানানো হবে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন কর্মকর্তারা এখন তাদের সঙ্গেই আলোচনা করছেন, যারা ইরানে ক্ষমতায় রয়েছে। তিনি দাবি করেন, ‘ইরানিরা একটি প্রস্তাব দিতে যাচ্ছে, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
আলোচনায় অংশ নিতে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের ইসলামাবাদ রওনা হওয়ার কথা রয়েছে। শীর্ষ পর্যায়ের এই আলোচনা ঘিরে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশিরভাগ প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, গণপরিবহণ চলাচল স্থগিত রয়েছে।
