Advertise with us
শিরোনাম
Advertise with us

স্পিনে ভরসা রাখছে পাকিস্তান

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্পিনে ভরসা রাখছে পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটি বিপদে ফেলে দিয়েছে পাকিস্তানকে। সুপার এইটের বাকি দুই ম্যাচই এখন তাদের কাছে আসরে টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। সেই দুই ম্যাচের একটিতে তারা আজ সন্ধ্যায় পাল্লেকেলেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে। শ্রীলঙ্কাকে হারিয়ে ইতোমধ্যে বেশ সুবিধাজনক অবস্থানে চলে গেছে ইংল্যান্ড। হাতে থাকা দুটি ম্যাচের একটি জিতলেই সেমির টিকিট পেয়ে যাবে হ্যারি ব্রুকের দল। এই টিকে থাকার লড়াইয়ে আজ পাঁচ স্পিনার নিয়ে নামতে পারে পাকিস্তান। অবশ্য এই পাল্লেকেলেতে গত রোববার স্পিন দিয়ে ইংল্যান্ডকে আটকাতে গিয়ে উল্টো নিজেরাই ৫১ রানে হেরে নাস্তানাবুদ হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

বাকি দুটি ম্যাচ জিততে পারলে কারও মুখাপেক্ষী হওয়া ছাড়াই ৫ পয়েন্ট নিয়ে সেমিতে চলে যাবে পাকিস্তান। কিন্তু আজ ইংল্যান্ডের কাছে হেরে গেলে আরেকজনের মুখ চেয়ে অপেক্ষায় থাকতে হবে সালমান আগাদের। সে ক্ষেত্রে তাদের সামনে দুটি অঙ্ক থাকবে।

প্রথমটি হলো, ইংল্যান্ডকে সব ম্যাচ জিততে হবে। শ্রীলঙ্কাকে হারাতে হবে পাকিস্তানের এবং শ্রীলঙ্কার কাছে হারতে হবে নিউজিল্যান্ডের। তখন ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিতে যাবে পাকিস্তান। দ্বিতীয়টিতেও ইংল্যান্ডের সব ম্যাচ জিততে হবে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারতে হবে শ্রীলঙ্কার। তাহলে পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট সমান হবে। তখন নেট রানরেটে পাকিস্তানের সেমিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে।

এই টিকে থাকার লড়াইয়ে ইংল্যান্ডের অধারাবাহিক ব্যাটিংয়ের ফায়দা তুলতে চায় পাকিস্তান। পাল্লেকেলেতে আজ এ কাজটা তারা করতে চায় স্পিন দিয়ে। গতকাল অনুশীলন শেষে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। ‘এই মাঠে শ্রীলঙ্কার স্পিনারদের বিপক্ষে ইংলিশ ব্যাটারদের বেশ সংগ্রাম করতে দেখেছি আমরা। এখানে বল উইকেটে পড়ে আরও মন্থর হয়ে যায়। শ্রীলঙ্কার স্পিনার আছে এক বা দুজন। আর আমাদের দলে স্পিনার আছে পাঁচজন। আমাদের বিপক্ষে তারা আরও বেশি চ্যালেঞ্জে পড়বে।’

গ্রুপ পর্বের চার ম্যাচে পাকিস্তানের স্পিনাররা মোট ২৬ উইকেট নিয়েছেন, সেখানে তাদের পেসারদের শিকার মাত্র ৭ উইকেট। ইতিহাস অবশ্য পাকিস্তানের বিপক্ষে। এখন পর্যন্ত টি২০ বিশ্বকাপে এ দুই দল তিনবার মুখোমুখি হয়েছে, যার প্রতিটিতে জয়ী হয়েছে ইংল্যান্ড। ফারহান অবশ্য নতুন ইতিহাস গড়তে আত্মবিশ্বাসী। পাল্লেকেলের উইকেটের জন্যই আজ পেস অলরাউন্ডার ফাহিম আশরাফের জায়গায় লেগস্পিনার আবরার আহমেদকে ফেরাতে পারে পাকিস্তান।

ইংল্যান্ড অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে। লিয়াম ডসন, উইল জ্যাকস, আদিল রশিদ– এই তিন স্পিনারের সঙ্গে প্রয়োজনে জ্যাকব বেথেলও হাত ঘোরাতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ