Advertise with us
শিরোনাম
Advertise with us

মার্চে জেট এভিয়েশন ফুয়েলের দাম বাড়ল, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার ১১২.৪১ টাকা

জাতীয় ডেস্ক   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্চে জেট এভিয়েশন ফুয়েলের দাম বাড়ল, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার ১১২.৪১ টাকা

দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জেট এ–১ (এভিয়েশন ফুয়েল) জ্বালানির মূল্য বাড়িয়ে নতুন হার নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মূল্য আজ রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে, ফেব্রুয়ারি মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে লিটার প্রতি ৯৪ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ৯৫ টাকা ১২ পয়সা নির্ধারণ হয় ।
রোববার কমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক ও মূল্য সংযোজন করসহ অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট এ–১ জ্বালানির দাম প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসের তুলনায় এ দাম ১৭ টাকা ২৯ পয়সা বেশি।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী দেশি ও বিদেশি এয়ারলাইন্সের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট এ–১ জ্বালানির মূল্য প্রতি লিটার ০.৭৩৮৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আগে এ হার ছিল প্রতি লিটার ০.৬২৫৭ ডলার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্ল্যাটস রেটের গড় মূল্য, আমদানি এলসি নিষ্পত্তির ক্ষেত্রে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের দামের পরিবর্তন বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে জ্বালানি পরিবহনে ব্যবহৃত কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির ভাড়ার পরিবর্তনের প্রভাবও মূল্য নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছে।

কমিশন সূত্র জানায়, মাসভিত্তিক জ্বালানি মূল্য সমন্বয় প্রক্রিয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৩ অনুযায়ী, গণশুনানি শেষে ২০২৫ সালের ১৩ মে কমিশনের আদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ–১ জ্বালানির ভোক্তা পর্যায়ের মূল্য নির্ধারণ করা হয়।

ওই আদেশ অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের দামের পরিবর্তন, ডলারের বিনিময় হার এবং পরিবহন ব্যয়ের তারতম্য বিবেচনায় প্রতি মাসেই জেট এ–১ জ্বালানির মূল্য সমন্বয় করা হচ্ছে। এ উদ্দেশ্যে গত বছরের ২৫ মে কমিশনের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়।

কমিটি ৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ সময়ের আন্তর্জাতিক বাজারের তথ্য, এলসি নিষ্পত্তির বিনিময় হার এবং ডিজেলের দামের পরিবর্তন বিশ্লেষণ করে মার্চ মাসের জন্য মূল্য সমন্বয়ের সুপারিশ করে। পরে এ বিষয়ে কমিশনে শুনানি অনুষ্ঠিত হলে বিস্তারিত পর্যালোচনা শেষে নতুন মূল্যহার অনুমোদন দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ