Advertise with us
শিরোনাম
Advertise with us

পতাকা হাতে মঞ্চে খালিস্তানপন্থী, আবারও দিলজিতের কনসার্টে বিশৃঙ্খলা

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পতাকা হাতে মঞ্চে খালিস্তানপন্থী, আবারও দিলজিতের কনসার্টে বিশৃঙ্খলা

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো কনসার্টে হঠাৎই ঘটে অপ্রীতিকর ঘটনা। কনসার্ট চলাকালে এক খালিস্তানপন্থী ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চে উঠে পড়লে সাময়িকভাবে অনুষ্ঠান বিঘ্নিত হয়। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর চেজ সেন্টারে অনুষ্ঠিত হয় দিলজিতের ‘অরা ওয়ার্ল্ড ট্যুর’-এর কনসার্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, দিলজিৎ মঞ্চে পারফর্ম করছিলেন। এ সময় খালিস্তান পতাকা হাতে এক ব্যক্তি মঞ্চে উঠে তার কাছাকাছি গিয়ে নাচতে শুরু করেন।

ঘটনাটি টের পেয়ে দিলজিৎ কিছুটা দূরে সরে যান। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে নিয়ে মঞ্চ থেকে সরিয়ে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরও কয়েকটি ভিডিওতে দেখা যায়, পরে স্থানীয় পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটির পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে এটি প্রথমবার নয়। চলতি বছরের এপ্রিলে কানাডায় দিলজিতের একটি কনসার্টেও খালিস্তানপন্থী সমর্থকদের কারণে একই ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। সে সময় কয়েকজন সমর্থক খালিস্তানপন্থী স্লোগান দেন এবং পতাকা প্রদর্শন করেন। পরে নিরাপত্তাকর্মীরা তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।

এমন হয়রানি মেনে নেওয়া হবে না

কানাডার ঘটনার পর দিলজিৎ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ করার অধিকার সবার আছে। কিন্তু কেউ যদি ভেতরে এসে তার ভক্তদের হয়রানি করে, তা কখনোই মেনে নেওয়া হবে না। দিলজিতের ভাষ্য, কেউ কোনো ব্যানার বা পতাকা নিয়ে এলে সাধারণত সেটি তার পরিচয় বা সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হয়। কিন্তু একই প্রতীক ব্যবহার করে যদি কেউ ভক্তদের বিরক্ত করে বা অনুষ্ঠান ব্যাহত করার চেষ্টা করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিষয়টি কোনো পতাকা বা ব্যানারকে ঘিরে নয়; মূল বিষয় হলো এর পেছনের উদ্দেশ্য। যারা অনুষ্ঠান নষ্ট করার চেষ্টা করবে, নিরাপত্তাকর্মীদের তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যেভাবে শুরু হয় বিতর্ক

গত বছরের অক্টোবরে ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-তে অংশ নেন দিলজিৎ দোসাঞ্জ। অনুষ্ঠানটিতে তিনি উপস্থাপক অমিতাভ বচ্চনের পায়ে হাত দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় অমিতাভ তাকে ‘পাঞ্জাব দা পুত্তর’ বা ‘পাঞ্জাবের সন্তান’ বলে অভিহিত করেন এবং বন্যাদুর্গতদের জন্য তার সহায়তামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এর পরই খালিস্তানপন্থী সংগঠন ‘সিখস ফর জাস্টিস’ (এসএফজে) দিলজিতের সমালোচনা শুরু করে। সংগঠনটির নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন অভিযোগ করেন, অমিতাভ বচ্চনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিলজিৎ ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার ভুক্তভোগীদের প্রতি অসম্মান দেখিয়েছেন। যদিও অমিতাভ বচ্চন এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ