
অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে

ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা না পাওয়ায় সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো চার কোটি টাকার লেনদেন স্থগিতই আছে।
আগামী রোববার নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নাটোর সোনালী ব্যাংকের শাখাপ্রধান।
এদিকে, লেনদেন স্থগিত থাকায় টাকা দিতে না পারায় গতকাল ফিরে গেছেন ইসলামী ব্যাংকের অনেক গ্রাহক। ব্যাংকটির কর্মকর্তারা জানান, তাদের প্রায় সব বুথ টাকাশূন্য।
সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার কর্মকর্তা উজ্জ্বল কুমার জানান, মঙ্গলবার ইসলামী ব্যাংকের চার কোটি টাকা লেনদেন নিয়ে অভিযোগ পাওয়ার পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। ব্যাংক চলাকালে আর কোনো নির্দেশনা না পাওয়ায় লেনদেনটি স্থগিত রাখা হয়েছে। নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ইসলামী ব্যাংক নাটোর শাখার কর্মকর্তা (এভিপি) রেজাউল করিম জানান, মঙ্গলবার সোনালী ব্যাংক থেকে চার কোটি টাকা না পাওয়ায় গ্রাহক ও বুথে টাকা দেওয়া যায়নি। এতে প্রায় সব বুথ টাকাশূন্য। ব্যাংক চলাকালীন সোনালী ব্যাংক থেকে টাকা তোলা হবে। এটা ব্যাংকিং ট্রান্সফার মাত্র। এটা কারও অ্যাকাউন্টের টাকা নয়।
নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহিন জানান, লেনদেনটি নিয়ে ব্যাংক কর্মকর্তাকে ব্যবস্থা নিতে চিঠি দিতে বলেছি।
