Advertise with us
শিরোনাম
Advertise with us

কার্ড থেকে এমএফএসে অ্যাড মানিতে জালিয়াতি ঠেকাতে নতুন নির্দেশনা

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কার্ড থেকে এমএফএসে অ্যাড মানিতে জালিয়াতি ঠেকাতে নতুন নির্দেশনা

কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) ‘অ্যাড মানি’ করার ক্ষেত্রে জালিয়াতি রোধে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কার্ড প্রথমবার এমএফএস হিসাবে সংযুক্ত করার আগে যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত বছরের আগস্টে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের (এসসিবি) গ্রাহকদের কার্ড থেকে অ্যাড মানির মাধ্যমে জালিয়াতির ঘটনার তদন্ত ও পর্যবেক্ষণের পর নতুন এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেই ঘটনায় একটি প্রতারক চক্র এসসিবির ৫৪ গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে প্রায় ২৭ লাখ টাকা বিভিন্ন এমএফএস হিসাবে স্থানান্তর করে তুলে নেয়। গ্রাহকেরা নিজেরা কোনো লেনদেন না করলেও প্রত্যেকের হিসাব থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা করে তুলে নেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, প্রথমবার কোনো কার্ড এমএফএস হিসাবে যুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। ওই লেনদেন সফল হওয়ার ২৪ ঘণ্টা পর নিয়মিত অ্যাড মানি করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই ব্যবস্থার ফলে জালিয়াতির ঘটনা ঘটলেও ক্ষতির পরিমাণ সীমিত থাকবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে কেবল কার্ডধারীর নিজ নামে নিবন্ধিত এমএফএস হিসাবের ক্ষেত্রেই টোকেন লেনদেন ছাড়াই কার্ড সংযুক্ত করা যাবে।

এ ছাড়া ব্যক্তি হিসাবে অ্যাড মানির লেনদেনকে মার্চেন্ট পেমেন্ট নয়, তহবিল স্থানান্তর হিসেবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে লেনদেনের সময় সুবিধাভোগীর ওয়ালেট নম্বর যেন কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছে দৃশ্যমান থাকে, সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এসব ব্যবস্থা বাস্তবায়ন করতে না পারলে ১ আগস্ট থেকে সংশ্লিষ্ট ব্যাংকের কার্ড থেকে এমএফএসে অ্যাড মানি সেবা বন্ধ রাখতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন Orthonity Bangladesh-এর খবর

সম্পাদক
শেখ জাহাঙ্গীর আলম
যোগাযোগ